যৌন হয়রানির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর মো. শামীম হোসেন শিক্ষাছুটির জন্য আবেদন করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষাছুটির আবেদনের বিষয়টি নিশ্চিত করেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি তিনি শিক্ষা ছুটির জন্য নিজ বিভাগে আবেদন জমা দিয়েছেন।
তিনি বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে শুনেছি সিন্ডিকেট তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তবে বিভাগে আবেদন এলেও এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেজিস্ট্রার দপ্তর থেকে তার বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্তের আনুষ্ঠানিক কাগজপত্র চাওয়া হয়েছে। সেগুলো পাওয়ার পর বিভাগীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার স্বহস্তে লেখা অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগপত্রে শিক্ষার্থী দাবি করেন, সংশ্লিষ্ট শিক্ষক তাকে অশোভন ইঙ্গিত দেন, কুপ্রস্তাব দেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন।
গাজী আযম/নাঈম