নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে জেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতার চারটি ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ মে) ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্নাতক, স্নাতকোত্তর ও সর্বসাধারণের জন্য নির্ধারিত 'গ' বিভাগের নজরুল সংগীতে প্রথম হন ১৪ ব্যাচের শিক্ষার্থী জয়দ্বীপ পাল, আবৃত্তিতে ১৭ ব্যাচের প্রতীচি মন্ডল, হামদ নাতে একই ব্যাচের সাফফাত ইসলাম শিহাব, নৃত্যে প্রথম হন ১৯ ব্যাচের শিক্ষার্থী অরিত্র নিভা দে। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী।
নিজের অনুভূতি জানাতে গিয়ে জয়দ্বীপ পাল বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় বরাবরই সাংস্কৃতিক দিক দিয়ে সবার থেকে এগিয়ে। বলা হয়ে থাকে, এটা একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু যে পড়ালেখায় হয়, তা নয়। এখানে সাংস্কৃতিক চর্চাটা অনেক বেশি হয়। আর এই ধারাবাহিকতায় আমরা আজ জেলা পর্যায়ে সকল প্রতিযোগিতায়ই প্রথম হয়েছি। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।
বিশ্ববিদ্যালয়ের নবীনতম শিক্ষার্থী অরিত্র নিভা দে বলেন, আজকের এই অর্জন আমার জন্য সত্যিই অনেক আনন্দের এবং গর্বের। এত বড় একটি মঞ্চে প্রথম হতে পারবো, সেটা কখনো ভাবিনি। আমি নবীন শিক্ষার্থী হলেও বিভাগের বড় ভাই-বোনদের সহযোগিতা এবং শিক্ষকদের অনুপ্রেরণা আমাকে সাহস জুগিয়েছে।
সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার খবরের কাগজকে বলেন, আমাদের সংগীত বিভাগের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে যে প্রতিভা ও পরিশ্রম একসঙ্গে থাকলে সাফল্য অনিবার্য। গান, নাচ, কবিতা আবৃত্তি ও হামদ-নাত- চারটি বিভাগেই প্রথম স্থান অর্জন করা বিভাগের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বিশেষ করে নবীন শিক্ষার্থীর এমন অসাধারণ সাফল্য আমাদের আশাবাদী করে তুলেছে। এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত চর্চা এবং শিক্ষকদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মো. তাসনিম হক রাফি/এসএন