রাঙামাটির মারমা জনগোষ্ঠীর অরাজনৈতিক সংগঠন মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) বিভিন্ন অনিয়ম ও বরাদ্দের অর্থ লুটপাটের অভিযোগ তুলেছেন সংগঠনটির নতুন আহ্বায়ক কমিটি।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে রাঙামাটি চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ অভিযোগ তুলেন সংগঠনটির নেতারা।
এ জন্য রাঙামাটির সাবেক এমপি দীপংকর তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরীকে দায়ী করা হয়েছে।
আগামী নববর্ষে মারমাদের সাংগ্রাই (জলকেলি উৎসব) উৎসব আয়োজনে নতুন করে সংগঠিত হতে চাইছে সংগঠনটি।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে মাসসের সহসভাপতি মুইথুইঅং মারমা বলেন, ‘হাসিনা সরকার পতনের পর ওই নেতারা বিভিন্ন মামলায় জড়িত থাকায় মাসসের কার্যালয় তালাবদ্ধ ও পরিত্যক্ত হয়ে আছে। কার্যক্রম বন্ধ থাকায় সাংগ্রাইন উৎসব আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আমরা এর উত্তরণ চাই।’
মাসসের সহসভাপতি মংশৈউ মারমা আদুমং বলেন, ‘বিগত ১৬ থেকে ১৭ বছর ধরে সাংগ্রাই উৎসব ও মাসসের জন্য বিভিন্ন উন্নয়ন বরাদ্দ লোপাট করা হয়েছে। এমনকি আয়-ব্যয়ের কোনো নথিও লিপিবদ্ধ করা হয়নি। রাঙামাটি শহরে মাসসের তিনতলা নিজস্ব ভবন থাকলেও তার আসবাবপত্র ও সরঞ্জাম আত্মসাৎ করা হয়েছে। ওই নেতারা মামলায় জড়িয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন।’
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে সাবেক এমপি দীপংকর তালুকদার, অংসুইপ্রু চৌধুরী ও অংসুছাইন চৌধুরীকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
জিয়াউর রহমান/সুমন/