ফলজাতীয় পণ্যে অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের ফল আমদানিকারক, আড়তদার ও পাইকারি বিক্রেতারা এ মানববন্ধন করেন। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি ওই মানববন্ধনের আয়োজন করে। এ সময় ফলজাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আলটিমেটাম দেন তারা।
সমিতির সভাপতি হাজি আলী হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম। তিনি বলেন, ‘গত ৯ জানুয়ারি ফলজাতীয় পণ্যের ওপর অতিরিক্ত এসডি, টিটিআই ১৭ দশমিক ৪০ শতাংশ বাড়িয়ে এসআরও জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডলারসংকটসহ নানা বাধার কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়ে আসছিলেন। এর মধ্যে ফল পণ্যে অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে ফল ব্যবসায়ে ধস নামবে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার ও এনবিআর আগামী এক সপ্তাহের মধ্যে এই অতিরিক্ত শুল্ক এসডি, টিটিআই প্রত্যাহার না করলে সারা দেশের ব্যবসায়ীরা এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নেবে। প্রয়োজনে সারা দেশের ফল আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দর থেকে আমদানি করা ফল এবং ফলপণ্য খালাস বন্ধ করে দেওয়া হবে।’