কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা-পাল্টি হামলায় উভয় পক্ষের তিনজন নিহত হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই এলাকার নাজির হোছেনের ছেলে ও রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন (৪৫), মোহাম্মদ হোছেনের ছেলে আব্দুল মান্নান (৩৬) ও তার বোন শাহিনা বেগম (৩৮)। তারা পরস্পর আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হওয়ার তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে হেলাল উদ্দিন বলেন, উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে বিবাদমান এক পক্ষ বিরোধীয় জমিতে পাকা দেওয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষ ধারালো দা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।'
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং কয়েকজন আহত হবার খবর শুনেছেন। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মুহিব/মেহেদী/