লালমনিরহাটে বিওপির সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক সীমান্ত শূন্য লাইনের ৭০ গজ ভারতের অভ্যন্তরে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বন্ধ করল বিএসএফ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ৬ ব্যাটালিয়ন বিএসএফের তরুণ ক্যাম্পের কিছুসংখ্যক বিএসএফ সদস্য ভারতীয় নাগরিকদের সহায়তায় মাটি খননের যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে জমি থেকে মাটি কেটে ট্রলি/ট্রাক্টরে করে তরুণ ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উক্ত কাজের তীব্র বাধা ও প্রতিবাদ জানায়। পরে বিজিবির বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ করে দিয়ে ভেকু মেশিন এবং ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্ত করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি।
রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ রেখেছে বিএসএফ। পরবর্তী সময়ে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
মিনহাজ/মেহেদী/