রাজধানীর মতিঝিল এলাকায় মাত্র ত্রিশ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। জানা যায়, চুরি করা আম বিক্রির টাকা নিয়ে তর্কে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় রাকিব (১৯) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে এই তথ্য বেরিয়ে আসে।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দোকান-কর্মচারী মমিন হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (২০ মে) রাতে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গি মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, নিহত মো. মমিন (২০) ও রাকিব (১৯) বন্ধু। রাকিব পরিচ্ছন্নতাকর্মী আর মমিন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মতিঝিল এজিবি কলোনি ও আল-হেলাল জোনের আম গাছ থেকে আম পাড়ে। পরে সেগুলো এজিবি কলোনি কাঁচাবাজারে ৩৯০ টাকায় বিক্রি করে। এরপর তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিনকে দিয়ে দিলে তিনি চলে যান। অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে।
এরপর ওই রাত ৯টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তায় মমিন ও রাকিবের দেখা হয়। তখন রাকিব তার বন্ধু মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেয়। এতে সমান হিসাব অনুসারে মমিন আরও ৩০ টাকা দাবি করে। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুজনেই বাড়ি চলে যায়।
পরবর্তীতে ১৩ মে সকাল ১০টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে দুজনের আবার দেখা হলে তাদের মধ্যে ওই টাকা নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে মমিন মাটিতে লুটিয়ে পড়লে রাকিব নিজেই রিকশা ডেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় পর মতিঝিল থানায় মামলা হলে তদন্তে নেমে পুলিশ রাকিবকে আটক করে। পরে রাকিবকে আদালতে সোপর্দ করা হলে তিনি ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আলমগীর/অমিয়/