চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাড়ি নির্মাণকাজের পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতের চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় রাজমিস্ত্রি জহির উদ্দিনের (৩৮) মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৩ জুলাই টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।
নিহত রাজমিস্ত্রি জহির উদ্দিন উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার আলী আহমদের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
জানা গেছে, নয়াপাড়া এলাকার সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ি নির্মাণের কাজ করেন রাজমিস্ত্রি জহির উদ্দিন। কাজ শেষে একাধিকবার পাওনা টাকার জন্য তাগাদা দিলেও তারা টাকা পরিশোধ করেননি। গত (১৩ জুলাই) সকাল ১০টার দিকে টাকা চাইতে গেলে জহিরের সঙ্গে দুই ভাইয়ের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাহাব ও নাজিম তার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো ছুরি দিয়ে জহিরের পেটে আঘাত করে। পরে স্থানীয়রা জহিরকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজমিস্ত্রি জহির উদ্দিনের ভাই বশির আহমদ বলেন, আমার ভাই কাজের পাওনা টাকা চাইতে গিয়েছিল। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, নিহত জহির একজন দক্ষ রাজমিস্ত্রি ছিলেন। তিনি সাহাব ও নাজিমের বাড়ির কাজ করেছিলেন। কাজের টাকা চাওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়। তুচ্ছ বিষয়ে এমন নির্মম ঘটনা কোনভাবেই কাম্য নয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, রাজমিস্ত্রি জহির উদ্দিনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।
আরিফুল/মৌসুমী/