কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ তানভীর ছিদ্দিকের চাচা তোফায়েল আহমেদ ছিদ্দিককে (৩২) অপহরণের পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত তোফায়েল আহমেদ কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার ছিদ্দিক আহমেদ মাতব্বরের ছেলে।
রবিবার (২৪ আগস্ট) ভোরে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় যৌথবাহিনী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে আট জইন্যা ও পনের জইন্যা চিংড়ি ঘেরে এলাকার ২০-৩০ জন চিহ্নিত সন্ত্রাসী কর্মচারীদের মারধর করে প্রায় ৫ লাখ টাকার মাছ লুট এবং তোফায়েলকে অপহরণ করে নিয়ে যায়। পরে তোফায়েলের পরিবার বিষয়টি প্রশাসনকে জানান। পরে রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পাহাড়ে অভিযান চালায়। ভোরে রাস্তায় তার মরদেহ পাওয়া যায়। তাকে হাতুড়ি দিয়ে নির্যাতন ও গুলি করে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই সরওয়ার আজম ছিদ্দিক বলেন, ‘আমার ভাই তোফায়েলকে চিংড়ি ঘের থেকে তারেক চেয়ারম্যান, কালা বদা, লম্বা তারেক, রশিদ, বায়তুল্লাহ, গফুর, জয়নাল, রবি আলম, কালা জাহাঙ্গীরসহ ২০-৩০ জন পাহাড়ে নিয়ে গুলি করে হত্যা করে। আমরা এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ চকরিয়া হাসপাতালে রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
মুহিববুল্লাহ মুহিব/মৌসুমী/অমিয়/