বিশেষ কৌশলে লুকিয়ে পাচারের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিমানযাত্রী মা-মেয়েকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যাত্রীদের আটক করা হয়। তারা কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় বিমানবন্দরে আসেন।
আটকরা হলেন- রোজিনা বেগম (৪০) এবং তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, আটকরা বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ও শরীরের বিভিন্ন জায়গায় ইয়াবা পরিবহন করছিলেন। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত।
তিনি বলেন, ‘বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম রোধে বরাবরের মতোই এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন তৎপর রয়েছে।’
আলমগীর/মেহেদী/