মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বিন ইসলাম (২৩)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে যান মজনু ও দ্বিন ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।
আজ সোমবার ভোর ৬টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত মজনু ও দ্বিন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আসাদ জামান/অমিয়/