রাজবাড়ী শহরে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে মাসুম মোল্লা এবং সাবিত মোল্লা নামে দুই যুবকের বিরুদ্ধে, অভিযুক্তদেরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া, মাসুম মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কামারদা গ্রামের বাসীন্দা এবং সাবিত মোল্লাও একই ইউনিয়নের বাসীন্দা।
পুলিশ জানায়, রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় যানজট লেগেই থাকে, দীর্ঘদিন ধরে যানজট নিরসনে দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক বিভাগের সদস্যরা। আজ ঘটনার সময় কনস্টেবল মো. আসাদ রেলগেট এলাকায় দায়িত্ব পালনকালে একটি দাঁড়িয়ে থাকা ইজিবাইক সরিয়ে নিতে বলেন। এ সময় তিনি হাতে থাকা লাঠি দিয়ে ইজিবাইকের পেছনে হালকা আঘাত করে চালককে সরে যেতে নির্দেশ দেন। এতে ইজিবাইকের যাত্রী মাসুম মোল্লা ও তার শ্যালক সাবিত মোল্লা ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেন। এক পর্যায়ে তারা তার পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন। ঘটনার পরপরই উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা মাসুম মোল্লা ও তার শ্যালক সাবিত মোল্লাকে আটক করে সদর থানায় নিয়ে যান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “১ নম্বর রেলগেট এলাকায় যানজট নিরসনে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্য ইজিবাইক সরাতে বললে যাত্রী নেমে এসে তাকে মারধর করে এবং ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। এ ঘটনায়
দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের মামলার প্রক্রিয়া চলছে।
সুমন বিশ্বাস/নাঈম