কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার ৯ নম্বর ওয়ার্ডে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা ।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে সাইক্লোন সেন্টারের পাশের নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
অপহৃত হোছেন আলী স্থানীয় মৃত রহমান আলীর ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর আওতাধীন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা যায়।
অপহৃতের ভাতিজা মিজানুর রহমান জানান, গভীর রাতে একদল সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার চাচাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অপহৃতের স্ত্রী রোজিনা বেগম দৈনিক খবরের কাগজের প্রতিনিধিকে মোবাইল ফোনে বলেন, রাত ২টার একটু আগে একদল লোক দরজায় নক করে নিজেদের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্য পরিচয় দেয়। পরে তারা বাড়ির চারদিক ঘিরে ফেলে এবং মামলার ওয়ারেন্ট রয়েছে বলে দরজা খুলতে চাপ সৃষ্টি করে। দরজা না খুললে ভেঙে ফেলার হুমকিও দেয়।
তিনি আরও বলেন, অনেকক্ষণ পর আমার স্বামী দরজা খুলতে বললেন এবং খোলার সঙ্গে সঙ্গে ৫ জন অস্ত্রধারী ঘরে প্রবেশ করে এবং বাইরে আরও ৬-৭ জন অস্ত্র হাতে অবস্থান নেয়। তারা আমার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। যাওয়ার সময় কিছুক্ষণ পর পর তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
রোজিনা বেগম জানান, তার স্বামী গত চারদিন ধরে অসুস্থ ছিলেন এবং পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ। ছোট দুই সন্তান নিয়ে তিনি বর্তমানে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ জানান, হোসেন আলী (৬২) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা পুলিশ জানতে পেরেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাকে উদ্ধারে পুলিশের একটি টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
মো. শাহীন/অন্তরা