চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে ১ হাজার ৫৯৬ কোটি ১৮ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ঢাকা জেলায়, যার পরিমাণ ৫২৮ কোটি ৭৭ লাখ ডলার। আর সবচেয়ে কম আয় এসেছে বান্দরবান জেলায়, যার পরিমাণ ১ কোটি ২৭ লাখ ডলার। জেলাভিত্তিক প্রবাসী আয়ের হালনাগাদ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী দেশের আটটি বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি। আর রংপুর ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত সাত মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে, মোট আয়ের প্রায় অর্ধেক ( ৪৮ দশমিক ৭৯ শতাংশ)। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে রেমিট্যান্স এসেছে (২৭ দশমিক ৪৭ শতাংশ), সিলেট বিভাগে (৮ দশমিক ৯৯ শতাংশ), খুলনা (৪ দশমিক ৬৪ শতাংশ), রাজশাহী (৩ দশমিক ৬০ শতাংশ), বরিশাল (২ দশমিক ৮০ শতাংশ), ময়মনসিংহ (২ দশমিক শূন্য ৭ শতাংশ) বিভাগ। আর সবচেয়ে কম প্রবাসী আয় বিভাগ হলো রংপুর (১ দশমিক ৬১ শতাংশ)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসের পর থেকে প্রতি মাসেই প্রবাসী আয় বেড়েছে। জুলাইয়ে ১৯১ কোটি ৩৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। এরপর থেকে প্রতি মাসেই দুই বিলিয়নের ওপরে রেমিট্যান্স এসেছে। আগস্টে ২২২ কোটি ৪২ লাখ ও সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার এসেছে। তবে অক্টোবর মাসে সামান্য কমে তা ২৩৯ কোটি ডলার হয়েছে। নভেম্বর মাসে আরও কিছুটা কমে ২১৯ কোটি ৯৯ লাখ ডলার। তবে ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে, যার পরিমাণ ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার। সর্বশেষ জানুয়ারি মাসে তা আরও কিছুটা কমে হয়েছে ২১৮ কোটি ৫২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সাত মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও নোয়াখালী জেলার অবস্থান। (জুলাই-জানুয়ারি) ঢাকা জেলায় ৫২৮ কোটি ৭৭ লাখ ডলার, চট্টগ্রাম জেলায় ১২৮ কোটি ৩৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ ছাড়া কুমিল্লায় ৮৬ কোটি ২৫ লাখ, সিলেটে ৭৩ কোটি ৫ লাখ ও নোয়াখালী জেলায় ৪৮ কোটি ৬৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। সব মিলিয়ে জুলাই-সেপ্টেম্বরে মোট প্রবাসী আয়ের ৫৪ দশমিক ১৯ শতাংশই এসেছে এই পাঁচ জেলায়।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রবাসী আয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে বান্দরবান জেলা। আলোচ্য সময়ে এই জেলায় এসেছে মাত্র ১ কোটি ২৭ লাখ ডলার। প্রবাসী আয়ে একেবারে শেষ দিকে থাকা অপর চারটি জেলা হলো ঠাকুরগাঁও, লালমনিরহাট, রাঙামাটি ও পঞ্চগড়। ঠাকুরগাঁওয়ে ২ কোটি ২১ লাখ ডলার, লালমনিরহাটে ১ কোটি ৪৩ লাখ ডলার, রাঙামাটিতে ১ কোটি ৪৫ লাখ, পঞ্চগড়ে ১ কোটি ৭৫ লাখ ও প্রবাসী আয় এসেছে।
এদিকে দেশভিত্তিক প্রতিবেদনে দেখা গেছে, গত জানুয়ারিতে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটি থেকে ৪০ কোটি ৭৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য (২৭ কোটি ৩৪ লাখ ডলার) ও সৌদি আরব (২৭ কোটি ১ লাখ ডলার)। প্রবাসী আয় আসার দিক থেকে শীর্ষ দশে থাকা অপর দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।
সর্বশেষ জানুয়ারি মাসে প্রবাসীরা বিদেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠিয়েছেন ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে গত সাত মাসে ২৮ কোটি ২২ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সোনালী ব্যাংক (১৭ কোটি ৯২ লাখ ডলার) ও ট্রাস্ট ব্যাংক (১৬ কোটি ১৫ লাখ ডলার)।