আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে সংস্থাটির গণতন্ত্রায়ন প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশ ৭৪টি দেশের নেতৃত্ব দিয়েছে। উক্ত আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও মধ্য প্রাচ্যের ৭৪টি দেশের মুখপাত্র হিসেবে আইএলওসহ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার গণতন্ত্রায়নের দাবি উত্থাপন করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) শতাব্দী প্রাচীন সংস্থা আই এলও র গভর্নিং বডির অগণতান্ত্রিক ১০টি স্থায়ী সদস্যপদ বিলুপ্তি ও গণতান্ত্রিক পদ্ধতিতে সকল সদস্য নির্বাচনের জন্য আইনগত প্রক্রিয়া শুরুর জন্য ৭৪টি দেশের নেতা হিসেবে বাংলাদেশ স্থায়ী মিশন জোর দাবী তুলে ধরে।
ইতোপূর্বে গত ২০২৫ সালের মার্চে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ হতে এ দাবির নানা আইনি বিষয় তুলে ধরে এটি সংস্কারের জন্য আলোচনাকে এজেন্ডাভুক্ত করার দাবি জানানো হয় যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
গভর্নিংবডির চলতি অধিবেশনে বাংলাদেশ স্থায়ী মিশন গত ৪৩ বছর ধরে সংস্থাটিতে স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত না হয়েই ভোটাধিকারসহ নানা অধিকার ভোগ করতে থাকা দেশগুলোর তালিকা আইনি উপায়ে পরিবর্তন করার জন্য প্রক্রিয়া শুরুর দাবি উত্থাপন করে। বাংলাদেশের দাবির প্রেক্ষিতে আইএলওর ১৮৭টি দেশের মধ্যে ৭৪টি দেশ বাংলাদেশের দাবীর প্রতি আজ বৃহস্পতিবারের অধিবেশনে সমর্থন জানায়। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের এ প্রস্তাব মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও সকল সরকারের সম্মতিতে গৃহীত হয়। স্থায়ী মিশনের পক্ষে কাউন্সেলর ফজলে লোহানী ৭৪টি দেশের মখপাত্র হিসেবে বক্তব্য প্রদান করেন।
বিজ্ঞপ্তি/নাঈম