ছোটপর্দায় হালের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। টিভি নাটক ও ইউটিউবে কিছুদিন পর পরই এই অভিনেত্রীর নাটক মুক্তি পেতে দেখা যায়। দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতাও আছে তার। ওটিটি প্লাটফর্মেও কাজ করে যাচ্ছেন নিয়মিত। তবে খুব বেশি দিন এ তারকাকে আর অভিনয় করতে দেখা যাবে না। এমনটা তানিয়া বৃষ্টি নিজেই জানিয়েছেন।
অভিনয় থেকে সরে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী জানান, বিয়ের পর আর অভিনয় নয়, সংসার আর নিজের জীবনকে প্রাধান্য দিয়ে থিতু হতে চান দেশের বাইরে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার আর ক্যারিয়ার–এই দুটি একসঙ্গে ঠিকমতো টানা যায় না। আগামী পাঁচ বছর আমি অভিনয়ে যতটুকু সময় দিতে পারি, দিতে চাই। এরপর সংসার জীবন বেছে নেব। দেশের বাইরে সেটল হতে চাই।’
তানিয়া বৃষ্টির এই ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন। সেই সংসার টেকেনি। পরে গুঞ্জন ওঠে সহশিল্পী আরশ খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে। যদিও তানিয়া এসব গুজব বলে উড়িয়ে দেন।
তিনি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। সেটের বাইরেও আমাদের বন্ধুত্ব থাকে, আড্ডা হয়। এ থেকেই অনেক সময় ভুল বোঝাবুঝি বা গুজব তৈরি হয়।’ এছাড়া নিজের আরও দুই সহকর্মী মোশাররফ করিম ও নীলয় আলমগীরের কাজের প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, তানিয়া বৃষ্টি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন ২০১২ সালে, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার মাধ্যমে। সেই আসরে দ্বিতীয় রানারআপ হওয়া এ তারকা এরপর বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ের মাধ্যমে নাটকে আসেন তিনি।
শোবিজ অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এখন জীবনের নতুন ধাপে পা রাখতে চাইছেন এই অভিনেত্রী। সেই ভাবনা থেকেই অভিনয় থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
/এমএস