ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’-তে যিনি ঝড় তুলে গেছেন। এবার নতুন করে আরেকটি আইটেম গানে হাজির হয়েছেন তিনি। তবে সেটি বাংলাদেশের কোন সিনেমায় নয়। কলকাতার ছবি ‘রক্তবীজ ২’ সিনেমার একটি গানে আবেদনময়ী লুকে দেখা গেছে এ অভিনেত্রীকে।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। গানটিতে নুসরাত জাহানকে একটি বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে দেখা যায়। গানে তার প্রাণবন্ত নাচ এবং চোখ ধাঁধানো সাজ দর্শকদের মুগ্ধ করেছে।
তবে শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। চমক হিসেবে গানের মাঝপথেই এখানে অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী। গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস।
গত ১৪ আগস্ট ‘রক্তবীজ ২’-এর টিজার প্রকাশিত হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। এই সিনেমায় অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, সীমা বিশ্বাস এবং কৌশানী মুখার্জি।
/এমএস