ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’। এনটিভিতে প্রচারিত এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন মুসাফির রনি। ১৫৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে নাটকটির প্রচার শেষ হচ্ছে আজ। আজ রাত ৯টা ৩০ মিনিটে ‘জোনাকির আলো’র শেষপর্ব এনটিভিতে প্রচার হবে।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শেলী আহসান, ড. নাজনীন চুমকি, সালহা খানম নাদিয়া, ফারজানা আহসান মিহি প্রমুখ।
অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এটি একটি পারিবারিক গল্পের নাটক। আমি এই ধারাবাহিকের শুরু থেকেই যুক্ত। নাটকটিতে কাজ করে ভালো লেগেছে। দর্শকও নাটকটি গ্রহণ করেছেন।’
ইন্তেখাব দিনার বলেন, ‘জোনাকির আলো দর্শক পছন্দ করেছেন। আজ শেষপর্ব প্রচার হবে। কিছুটা খারাপ তো লাগছেই। কারণ আমরা একটা পরিবারের মতো হয়েই এতে কাজ করেছিলাম।’
নাজনীন চুমকি বলেন, ‘নাটকটিতে কাজ করার আমার অন্যতম কারণ ছিল সেলিম ভাই। তার সঙ্গে অভিনয় করাটা আমি ভীষণ উপভোগ করি। রনি চেষ্টা করেছে দর্শককে একটি ভালো নাটক উপহার দিতে। আমরাও তাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি।’
/এমএস