জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনীত নতুন নতুন নাটক ইউটিউবে প্রতিনিয়তই প্রকাশ পাচ্ছে। সেসব নাটক আবার দর্শকের কাছে অল্প সময়ের মধ্যেই বেশ সাড়া ফেলে। এরই মধ্যে অল্প সময়ের ব্যবধানে বৃষ্টি অভিনীত তিনটি নাটক প্রকাশিত হয়েছে। নাটকগুলো হচ্ছে ‘জামাই বউ বাটপার’ (পরিচালক মাসুদ রানা অনিক),‘ পানু হেটস রানু’ (পরিচালক মাসুদ রানা অনিক) ও ‘দাদির দাদাগিরি’ (পরিচালক শহীদ উন নবী)। তিনটি নাটকেই তিনটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
এর আগেও তানিয়া বৃষ্টি শহীদ উন নবীর বেশকিছু নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন। ‘দাদির দাদাগিরি’ নাটকে অভিনয় করেও তিনি বেশ সাড়া ফেলেছেন। যথারীতি অনিকের ‘জামাউ বউ বাটপার’ ও ‘পানু হেটস রানু’ নাটকে অভিনয় করেও বৃষ্টি বেশ সাড়া পাচ্ছেন।
তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেক কষ্ট-সংগ্রামের পর আজ একজন অভিনেত্রী হিসেবে আলহামদুলিল্লাহ ভালো একটি অবস্থানে আসতে পেরেছি। দর্শক আমার অভিনীত প্রতিটি নাটক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন, আমার অভিনীত নাটক দেখে তার তাদের ভালো লাগার কথা প্রকাশ করেন- এটাই তো আসলে চেয়েছিলাম আমি। দর্শকের জন্যই তো আসলে ভালো ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি।
আগে এমন একটা সময় ছিল নিজেকে যুদ্ধের মাঠে টিকিয়ে রাখার জন্য গল্পের দিকে মনোযোগ দিতে পারতাম না। যে কারণে যে কাজই এসেছে করে ফেলতাম। কিন্তু এখন তো সেই সময়-সুযোগটা এসেছে। গল্প নিজের মনের মতো নির্বাচন করতে পারছি। ভালো লাগলে কাজ করছি না ভালো লাগলে করছি না। এই যে গল্প নির্বাচনে, চরিত্র নির্বাচনে স্বাধীনতাটা- এটা সব শিল্পীই চান। কারও কারও জীবনে সেই সুযোগ আসে, কারও কারও জীবনে আসে না। আমাকে নিয়ে এখন যারা নিয়মিত কাজ করছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ তারা আমার ইচ্ছেকে গুরুত্ব দিচ্ছেন। তাতে আমি ভালো কাজ করার সুযোগ পাচ্ছি।’
তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনের শুরু থেকেই নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই দাঁড় করানোর চেষ্টা করছিলেন। ভালো ভালো গল্পের নাটকে তিনি অভিনয় করার সুযোগ খুঁজতেন। কেউ কেউ সহযোগিতার মনোভাব নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু তানিয়া বৃষ্টির মধ্যে যে অভিনয়ের সুপ্ত প্রতিভা আছে তা সত্যিকার অর্থেই খুঁজে বের করতে পেরেছিলেন পরিচালক জাকিউল ইসলাম রিপন। ২০২২ সালে তার নির্দেশিত ‘পিনিকেই ঝিনিক’ নাটকে দুর্দান্ত অভিনয় করেই আলোচনায় আসেন। এতে বৃষ্টি তুখোড় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এক নাটকেই সবার দৃষ্টি ঘুরে যায় বৃষ্টির দিকে। আর এরপর একে একে সব ভালো ভালো গল্পে যেমন কাজ করার প্রস্তাব আসতে থাকে, গুণী নির্মাতারা, প্রজন্মের মেধাবী নির্মাতারা তাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ শুরু করেন।
২০২২ থেকে ২০২৫ অর্থাৎ আজ অব্দি বৃষ্টি একের পর এক ভালো ভালো গল্পের নাটকেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেথর’, ‘সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ ইত্যাদি।
/এমএস