জনপ্রিয় গীতিকার, সুরকার, সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। কোক স্টুডিও, স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ততা তার। এবার জানা গেল, এই ব্যস্ততার মাঝেও শ্রোতাদের জন্য আসছে অর্ণবের নতুন অ্যালবাম। নাম ‘ভাল্লাগে না’।
আগামী ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে অর্ণবের নতুন অ্যালবামটি। অ্যালবামটি প্রকাশ করছে আধখানা মিউজিক।
মোট আটটি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। গানগুলোর মধ্যে কিছু গান তৈরি হয়েছে কবিদের কবিতা থেকে অনুপ্রেরণা নিয়ে, বাকিগুলো অর্ণব ও তার বন্ধুরা লিখেছেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই।
অ্যালবাম প্রসঙ্গে অর্ণব বলেন, ‘প্রায় ১০ বছর পর মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম আসছে আমার। ভীষণ উচ্ছ্বসিত এই কাজটা নিয়ে। কবিতা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিনের। আরও আছে আমার বন্ধু তৌফিক ও রাজীবের লেখা গান। মিউজিক্যালি আশা করছি সবার ভালো লাগবে।’
অ্যালবামের গানগুলো প্রকাশ পাবে অর্ণবের অফিশিয়াল স্পটিফাই চ্যানেলে। পরবর্তী সময়ে গানগুলো ভিডিও আকারে প্রকাশের পরিকল্পনাও রয়েছে তার।
উল্লেখ্য, এর আগে প্রকাশ হওয়া অর্ণবের অ্যালবামের মধ্যে রয়েছে ‘চাইনা ভাবিস’ (২০০৫), ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’ (২০০৯), ‘রোদ বলেছে হবে’ (২০১০), ‘আধেক ঘুমে’ (২০১২), ‘খুব ডুব’ (২০১৫), ‘অন্ধ শহর’ (নতুন-পুরনো মিলিয়ে, ২০১৭) এবং ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’ (রিমেক, ২০২২)।
/এমএস