ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে বরিশালে গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনু করিমের স্ত্রী হুমায়রা নওশিন জানান, তিন দিন আগে তাঁরা গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলেন। আজ দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর বরিশালে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেতা। দীর্ঘ সময় ঢাকার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেছিলেন। সুস্থ হওয়ার পর সম্প্রতি তিনি পুনরায় গ্রামে যান।
রাশেদ মামুন অপু বলেন, ‘তিনু পুরোপুরি সুস্থ হয়ে গ্রামে গিয়েছিল। দীর্ঘদিন গলায় নল থাকার কারণে কথা বলতে কিছুটা সমস্যা হলেও শারীরিক অন্য কোনো জটিলতা ছিল না। আজ দুপুরে হঠাৎ তাঁর মৃত্যুর খবর পেলাম।’
দুই যুগের দীর্ঘ অভিনয় জীবনে তিনু করিম নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তাঁর পথচলা শুরু। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে নাম লেখান বড় পর্দায়। এ ছাড়া ‘রাত জাগা ফুল’ ও ‘আলতা বানু’র মতো দর্শকপ্রিয় কাজ রয়েছে তাঁর ঝুলিতে। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপনে অভিনয় করে দেশজুড়ে পরিচিতি পান তিনি।
মৃত্যুকালে তিনু করিম স্ত্রী ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।