জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। ভিন্নধর্মী গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। দীর্ঘ এক দশকের প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল এই ব্যান্ডের নতুন গান। গানটির শিরোনাম ‘ফেরিওয়ালা’। অ্যাশেজ ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এটি ব্যান্ডটির ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান হিসেবে প্রকাশ পেল। গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান।
অ্যাশেজ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে গানটি তৈরির কাজ শুরু হয়েছিল। জুনায়েদ ইভান জানান, ২০১৬ সালে ফেসবুকে গানটির দুই লাইন শেয়ার করা হয়েছিল। তখন এটি ভক্তদের মাঝে আগ্রহ তৈরি হয়। দীর্ঘ সময় নিলেও অবশেষে ভক্তদের সামনে অবশেষে গানটি প্রকাশ করতে পেরে উচ্ছ্বসিত ব্যান্ড সদস্যরা।
রাঙামাটির মনোরম কাপ্তাই লেকের পাশাপাশি কানাডার বিভিন্ন লোকেশনে গানের ভিডিও চিত্রায়িত হয়েছে। গানটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে অ্যাশেজ।
বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে অ্যাশেজ। দেশের গণ্ডি পেরিয়ে আগামী জুন মাসে ইতালির রোম ও ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে কনসার্ট করার কথা রয়েছে তাদের।
অ্যাশেজ ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন–জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।