১৬ ডিসেম্বর- বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় দিন। আত্মত্যাগ, প্রত্যয় ও অর্জনের এই দিনটির উদযাপনে এখন ফ্যাশনও যুক্ত হয়েছে এক বিশেষ আবেগের সঙ্গে। কয়েক বছর ধরে বিজয় দিবসের পোশাকে দেশাত্মবোধ, ইতিহাস ও আধুনিক ফ্যাশনের সমন্বয় দেখা যাচ্ছে স্পষ্টভাবে। ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্ন- দুই ধারার পোশাকেই এখন মিলছে বিজয়ের রং, মোটিফ ও গল্প। লিখেছেন মুশফিরাত তাসকিন
বিজয়ের রঙে নতুন ডিজাইনের বৈচিত্র্য
বিজয় দিবসের পোশাক মানেই আগে লাল-সবুজের ব্যবহার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই দুই রঙের উপস্থাপনায় এসেছে পরিশীলতা ও নান্দনিক বৈচিত্র্য। শুধু রঙের ব্লকিং নয় ডিজাইনে যুক্ত হচ্ছে ভিন্ন ভিন্ন টেক্সচার, সূক্ষ্ম অ্যাবস্ট্র্যাক্ট প্যাটার্ন, লাইন আর্ট কিংবা মিনিমাল মোটিফ। ফলে লাল-সবুজ আর প্রথাগত নয়; বরং হয়ে উঠছে আধুনিক ও বহনযোগ্য।
ডিজাইনারদের কাজেও দেখা যায় সবুজের বিভিন্ন পরিশীলিত শেড- অলিভ, এমেরাল্ড, ফরেস্ট গ্রিন; যা চোখে আরামদায়ক এবং পোশাকে দেয় গভীরতা। একইভাবে লালের উজ্জ্বলতা কমিয়ে নেওয়া হয়েছে বারগান্ডি বা ক্রিমসনের মতো নরম টোনে, যা পোশাকে আনে এলিগ্যান্ট ভাব।
মোটিফে ইতিহাসের ছাপ
বিজয় দিবসের পোশাকে মোটিফ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব মোটিফ বেশি জনপ্রিয়-
জাতীয় পতাকা বা তার মিনিমাল রূপ: সরল রেখা, জ্যামিতিক ফর্ম বা অ্যাবস্ট্র্যাক্ট প্যাটার্ন পতাকার ইঙ্গিত এখন অনেক পোশাকে দেখা যায়। চেনা দুই রঙের উপস্থিতি সূক্ষ্মভাবে দেশপ্রেমকে প্রকাশ করে।
মুক্তিযোদ্ধার প্রতীকী চিত্র: ছায়ামূর্তি, বিজয়ী ভঙ্গিমা কিংবা প্রতীকী অস্ত্র- এসব চিত্র পোশাকে যোগ করে নস্টালজিয়া ও গর্বের অনুভূতি।
বাংলা টাইপোগ্রাফি: বিজয়’, ‘স্বাধীনতা’-এর মতো শব্দগুলোকে ডিজাইনাররা ক্যালিগ্রাফি, লেটার আর্ট বা আধুনিক টাইপোগ্রাফিতে রূপ দিচ্ছেন। এতে পোশাকে যুক্ত হয় সাংস্কৃতিক আধুনিকতা ও আবেগের প্রকাশ।
নারীদের ফ্যাশনে স্টাইল ও বৈচিত্র্য
নারীদের বিজয় দিবসের পোশাকে সবচেয়ে জনপ্রিয়- শাড়ি ও কুর্তি। হাতে আঁকা জামদানি মোটিফ, কটন ও লিনেন শাড়িতে পতাকার রং বা রেড-গ্রিন বর্ডার থাকে চিরচেনা সৌন্দর্যের ছাপ। আধুনিক ফ্যাশনে এখন দেখা যাচ্ছে শাড়ির সঙ্গে ব্লেজার, কেপ বা লং জ্যাকেট; যা বিজয় দিবসের লুককে আরও শক্তিশালী করে তুলছে। এ ছাড়া কুর্তি, লং কামিজ, টাই-ডাই টপসও জনপ্রিয়। অনেকেই বেছে নিচ্ছেন অ্যাবস্ট্র্যাক্ট পেইন্টিং বা দেশীয় কবিতা/লাইন প্রিন্ট করা পোশাক। অ্যাকসেসরিজেও মিলছে দেশাত্মবোধের ছোঁয়া- লাল-সবুজ ইয়াররিং, ব্যাগ, বেনারসি মোটিফের স্কার্ফ কিংবা হস্তনির্মিত টেরাকোটা জুয়েলারি।
পুরুষদের পোশাকে আধুনিক দেশাত্মবোধ
পুরুষদের জন্য বিজয় দিবসের প্রধান আকর্ষণ- পাঞ্জাবি, কুর্তা ও ফিউশন পোশাক। বর্তমানে ব্র্যান্ডগুলো পাঞ্জাবিতে মিনিমাল গ্রাফিক্স, স্ট্যান্ড কলার, কন্ট্রাস্ট বাটন ও মনোগ্রাম স্টাইলের ডিজাইন ব্যবহার করছে। লাল-সবুজের খুব সরাসরি ব্যবহার কমে গিয়ে এসেছে সূক্ষ্ম ডিটেলড- স্লিভ, কলার, কাফ বা সাইড প্যাটার্নে দেশীয় প্রতীক।
তরুণদের মধ্যে টি-শার্ট এখনো বেশ জনপ্রিয়। অনেকে আবার জ্যাকেট বা শার্টের ওপর ছোট পতাকা ব্যাজ বা পিন পরে বিজয়ের ভাবনা প্রকাশ করেন। ফিউশন লুক চাইলে পুরুষরা জিন্সের সঙ্গে লং কোট বা কার্ডিগান পরেন, সঙ্গে পরেন স্কার্ফ- যেখানে থাকে জাতীয় রঙের টাচ।
শিশুদের পোশাকে আরাম ও উৎসবের মিলন
বিজয় দিবসের ফ্যাশনে শিশুদের পোশাক বড়দের মতোই জমকালো, তবে আরও বেশি রঙিন ও আরামদায়ক। কটন ফ্রক, টি-শার্ট, জামা, টিউনিক ও পাঞ্জাবিতে থাকে পতাকা মোটিফ, তারকা, হাতের আঁকা স্ট্রোক এবং কার্টুনিস্টিক ডিজাইন। রঙের ব্যবহারে শিশুদের পোশাকে বৈচিত্র্য আরও উজ্জ্বল। প্রচলিত লাল-সবুজের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাপেল গ্রিন, মেরুন, গোল্ডেন ইয়েলো, উজ্জ্বল লাল এবং নানা শেডের সবুজ। এ ধরনের রং শিশুর স্বভাবজাত প্রাণশক্তি ও উৎসবের আনন্দকে আরও বেশি ফুটিয়ে তোলে।
কীভাবে স্টাইল করবেন
বিজয় দিবসের পোশাকে লাল-সবুজের ব্যবহার ঐতিহ্যের অংশ হলেও, পরিশীলিত স্টাইলিংই পারে এই রংগুলোর সৌন্দর্য তুলে ধরতে। তাই রঙের ভারসাম্য বজায় রাখা সবচেয়ে জরুরি। দুই রংই ব্যবহার করুন, তবে মাত্রাতিরিক্ত উজ্জ্বলতা এড়িয়ে চলুন- একটি রংকে প্রধান রেখে অন্যটি অ্যাকসেন্ট হিসেবে নিলে লুক আরও নান্দনিক দেখায়।
অ্যাক্সেসরিজে দিন সূক্ষ্ম দেশাত্মবোধের ছোঁয়া
একটি ছোট পতাকা ব্রোচ, সবুজ স্কার্ফ বা লালের হালকা স্টেটমেন্ট জুয়েলারি- এমন ছোট উপাদানই পুরো লুককে উৎসবমুখর করে তুলতে যথেষ্ট। ভারী অ্যাকসেসরিজ এড়িয়ে নরম সজ্জায় নজর দিন।
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন
শাড়ি, পাঞ্জাবি বা কোট-পাঞ্জাবির সঙ্গে আধুনিক কাটের ব্লেজার বা জ্যাকেট এখন ট্রেন্ডে আছে। মিনিমাল স্টাইলের জ্যাকেট পোশাকে দেয় সমসাময়িক ভাব, আবার একই সঙ্গে বজায় রাখে উৎসবের মর্যাদা।
আরাম আগে
১৬ ডিসেম্বরের ঘুরাফেরা সকাল থেকে রাত পর্যন্ত চলতে পারে। তাই পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আরামকে প্রাধান্য দিন। কটন, ভিসকোস বা লাইটওয়েট মিক্স ফ্যাব্রিক সারাদিন পরার জন্য উপযোগী। জুতায়ও রাখুন আরামের ছোঁয়া। ফ্ল্যাট বা ব্লক হিল সবচেয়ে কার্যকর অপশন হতে পারে।