ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন তিন শতাধিক শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চালালে তাদের যে আয়তন, সেটা তারা হারাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, ‘বাংলাদেশের ওপর ভারতীয় আগ্রাসন চালালে পৃথিবীর মানচিত্র থেকে সেভেন সিস্টারস বিচ্ছিন্ন করে দেব। তারা ভুলে গেছে এই ভূমি ক্ষুদিরামের, আবু সাঈদের, মুগ্ধের এবং আবরার ফাহাদের। তারা শহিদ হওয়ার মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে আবরার ফাহাদদের জন্ম হয়েছে। বাংলাদেশের ওপর ভারতীয় আগ্রাসন থেকে যদি তারা সরে না আসে, তা হলে বাংলাদেশের জনগণ তার উপযুক্ত জবাব দেবে।’
ভারতকে উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন বলেন, ‘তাদের দেশে মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে আর আমাদের সম্প্রীতির কথা শোনায়! আগে নিজের দেশে মুসলিম নিধন বন্ধ করতে হবে। ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চালালে তাদের যে আয়তন, সেটা তারা হারাতে বসবে। ভারতের রাষ্ট্রনীতি ঠিক করতে হবে। এরপর তাদের পররাষ্ট্রনীতি নিয়ে ভাবতে হবে। আমরা রাজপথে আছি রাজপথে থাকব, ভারতীয় আগ্রাসন প্রতিহত করব।’
ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে আমরা নতুন যে বাংলাদেশ পেয়েছি, পূর্বে ফ্যাসিস্ট সরকারের সময় দুর্বল পররাষ্ট্রনীতি ছিল। আমরা বর্তমান সরকারের আমলে শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই। প্রয়োজনে ১৬ কোটি জনগণ সরকারকে সাহায্য করবে।’
গাজী আজম/জোবাইদা/অমিয়/