ডিসেম্বরে প্রথম সপ্তাহে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে, অধ্যক্ষের এমন আশ্বাসে চার দিন পর অনশন স্থগিত করেছেন তিন শিক্ষার্থী। গত বুধবার রাতে কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম ডাবের পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। অধ্যক্ষ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত রবিবার দুপুরে বাকসু নির্বাচনের দাবিতে প্রথম অনশন শুরু করেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি। পরবর্তী সময়ে তার সঙ্গে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কেএম মাঈনুল যোগ দেন।
গত বুধবার দুপুর বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে করেন শিক্ষার্থীরা। এ সময় বাকসু নির্বাচন নিয়ে বিলম্ব করলে প্রশাসনিক ভবন শাটডাউন দেওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ জানান, দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবিতে আন্দোলন চলমান ছিল। গত বুধবার রাতে কলেজ প্রশাসনের আশ্বাসে তারা অনশন স্থগিত করেছেন। নতুন নেতৃত্ব এলে শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন প্রত্যাশা করেন।
বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, ‘অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাকসু নির্বাচন আমরাও চাই। তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বতন্ত্র প্রতিষ্ঠান। তারা চাইলেই যেভাবে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে পারে, আমরা সেটা পারি না। আমাদের কলেজটি সরকারি প্রতিষ্ঠান। নির্বাচন আয়োজনের জন্য অনুমতি প্রয়োজন। অনুমতির জন্য ২৮ অক্টোবর মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। যেখানে ছাত্র সংসদের ব্যাংক হিসাবের স্থিতির ওপর অডিট টিমের দেওয়া আপত্তি পুনঃবিবেচনা করে বাকসু নির্বাচনের ব্যয়ভার সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহের অনুমতিও চাওয়া হয়। এখন অনুমতি পেলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে।’
অধ্যক্ষ জানান, বাকসুর নির্বাচন লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে ছাত্রদল, ছাত্রশিবিরসহ প্রায় সব সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ওই কমিটি আলোচনা শেষ করেছে। শুধু একটি সংগঠন বাকি আছে।