দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। তিনি শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্তের অনুমোদন দেন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি নিজ ফেসবুক আইডি থেকে হাসনাত আবদুল্লাহকে প্রশংসা করে একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, দল মত যাই হোক এটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবিদ্বার এর ছেলেরা এখন হাসনাত হতে চায়।
এ ব্যাপারে শাহরিয়ার উদ্দিন ফাহাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন যদিও বুঝাতে চেয়েছিলাম ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে ইনশাআল্লাহ, সেখানে কোনোরকম শোকজ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে হাসি পাচ্ছে লিটারেলি।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা একটি রাজনৈতিক সংগঠনের সদস্য, এখানে সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে। কেউ যদি দলের পরিপন্থি কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে সংগঠন তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে।”
এর আগে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ.এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে আজীবনের জন্য বহিষ্কার করে ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের হলে ইফতার করানোর দায়ে ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
আল আরাফ/নাঈম