ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রিজের ওপর মালবাহী লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া আহত হন।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। নিহত শিক্ষার্থী কুমিল্লার কোতোয়ালি থানার জাকির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অনার্স পঞ্চম সেমিস্টারের ছাত্র তানভীর হাসান মজুমদার ও ফয়সাল মিয়া মোটরসাইকেলযোগে ঢাকা হতে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামে যাচ্ছিল। পথে আষাঢ়িয়ার চর এলাকায় ব্রিজের ওপর দ্রুত গতির একটি মালবাহী লরি তাদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তানভীর হাসান মজুমদার মারা যান। সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া গুরুতর আহত হন। আহত ফয়সাল মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, 'নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন দুই শিক্ষার্থী। ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের মৃত্যু হয়। তারা আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউভি) অনার্স পঞ্চম সেমিস্টারের ছাত্র। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'
ইমরান হোসেন/জোবাইদা/