কুষ্টিয়ার মিরপুরে তামাকের খেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আবদুস সালামের বাড়ির নিচে তামাক খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষিপাড়ার ঝন্টু দাসের স্ত্রী।
এর আগে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পাতা কুড়ানোর জন্য তিনি বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তিনি নিঁখোজ ছিলেন।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিন্নাহ আলী খান জানান, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যান তিনি। এর পর আর ফিরে না আসলে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে মরদেহ দেখতে পান।
অনেকে ধারণা করছেন- এই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। মাদকসেবীরা হয়তো দুল ছিনিয়ে নিতে গেলে চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক খেতে মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।
এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মিলন/মেহেদী/