গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় মাদরাসার জায়গা দিয়ে রাস্তা নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নয়ন দেবনাথ জানান, প্রায় ৩৫ বছর আগে সড়াইডাঙ্গা গ্রামের আবু তালেব বিশ্বাস ননীগোপালপুর সড়াইডাঙ্গা মাদ্রাসায় চার কাঠা জমি দান করেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা মাদরাসার জায়গায় সীমানা খুঁটি লাগাতে গেলে আবু তালেব বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস বাধা দিয়ে জায়গা দিতে অস্বীকার করে রাস্তা করতে চান। এ নিয়ে হাসান বিশ্বাসের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটির ঘটনা ঘটে।
ওসি জানান, এর জের ধরে স্থানীয়দের সঙ্গে হাসান বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে কমপক্ষে ১৫ জন আহত হন। পরে হাসান বিশ্বাসের লোকজন বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহত বেশ কয়েকজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।
বাদল সাহা/সুমন/