পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অবৈধভাবে জমি দখলের সময় ছাত্রদলকর্মী কবির জোমাদ্দারকে আটকের পর স্থানীয়রা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছে। এ সময় হামলায় মানিক লাল হাওলাদার ও মানস কুমার দাস নামের দুই পুলিশ সদস্য আহত হন।
শুক্রবার (২৩ মে) দুপুরে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নে মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ইতোমধ্যে নজরুল ইসলাম ও নাসির উদ্দীন নামের দুইজনকে আটক করেছে।
পুলিশ জানায়, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নে মোর্শেদা বেগমের জমি স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম ভাড়াটিয়া লোক দিয়ে দখল করতে আসে। এ সময় মোর্শেদা বেগম ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান। এর পর ভান্ডারিয়া থানা থেকে এসআই মানিক লাল হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশের টিম সেখানে উপস্থিত হন। তখন ঘটনাস্থল থেকে পুলিশ কবির জোমাদ্দার নামের এক ছাত্রদলকর্মীকে আটক করে।
আটক ওই ছাত্রদলকর্মীকে নিয়ে পুলিশের গাড়ি মঞ্জু মার্কেটে এলে স্থানীয়রা পুলিশের গাড়ি আটকে কবির জোমাদ্দারকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের এসআই মানিক লাল হাওলাদার ও কনস্টেবল মানস কুমার দাস গুরুতর আহত হন।
ভান্ডারিয়া থানার ওসি জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশ সদস্য আহত করার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে এবং পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অপর দিকে মোর্শেদা বেগমের জমি জবরদখল করার অপরাধে আরও একটি মামলা হয়েছে।
হাসিবুল ইসলাম/সুমন/