চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে আবির হোসেন ও আদিল হোসেন নামে ৪ বছর বয়সী দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবির হোসেন ও আদিল হোসেন ওই এলাকার আজিজুল হক মাঝির ছেলে ।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ চৌধুরী।
তিনি বলেন, দুপুরে পানিতে পড়ে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পানি থেকে স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে হাসপাতালে নিয়ে যায়।
নিহতের চাচা এনামুল হক জানান, প্রতিদিনের মতো আবির ও আদিল বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক র্যায়ে পুকুরের পানিতে তাদের দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, বিষয়টি শুনেছি। দুই জমজ শিশুর পানিতে পরে মৃত্যুর বিষয়টি খুবই মর্মান্তিক।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরিফ/মেহেদী/