চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে এনএসআই।
বুধবার (১৮ জুন) সকাল ৯টা ২০ মিনিটে মাস্কাট থেকে আসা সালাম এয়ার এবং বেলা সাড়ে ১২টার দিকে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ নামক একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
গোপন তথ্যের ভিত্তিতে মাস্কাট থেকে আসা যাত্রী মোহাম্মদ আবু নাসের (চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা) ও আবুধাবি থেকে আসা যাত্রী মিন্টু দেবনাথের (নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা) ব্যাগ তল্লাশি করে ১৬০ কার্টন বিদেশি সিগারেট (বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা), ১০টি মোবাইল ফোন (বাজারমূল্য ৫ লাখ টাকা) এবং ১৪০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম (বাজারমূল্য ৪২ হাজার টাকা) জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, ‘বুধবার সকালে দুটি আলাদা ফ্লাইটে দুজন যাত্রী আলাদাভাবে বিমানবন্দরে অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এনএসআই টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে এসব জিনিস পাওয়া যায়। ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায় পণ্যসামগ্রী জব্দ করে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক দুই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
দুই যাত্রীকে তল্লাশির সময় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও এনএসআইয়ের সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
তারেক/সালমান/