মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভার্ডভ্যান ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে কাভার্ডভ্যানের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের বাউশিয়ায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ডভ্যান চালকের নাম রনি (৩৮)। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার আলম মিয়ার ছেলে।
আহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৫০), আব্দুর রব মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪৩), বাচ্চু মিয়ার ছেলে রনি (৩০) ও যশোরের কেশবপুর উপজেলার কাটাখালী গ্রামের খালেক মিয়ার ছেলে কামরুল (২৭)।
আহতদের মধ্যে কামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর নিয়ে জানা যায়, ঢাকামুখী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে পেছন থেকে দ্রুতগতির দুটি কাভার্ড ভ্যান পরপর পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিছনের কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় কাভার্ডভ্যানের চালক চাপা পড়েন।
খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাভার্ডভ্যান চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, নিহত চালকের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অমিয়/