চুয়াডাঙ্গায় তেলবাহী ট্যাংকলরির চাপায় ইজিবাইকচালকসহ তিনজন নিহত ও শিশুসহ আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার (৪ জুলাই) রাতে চুয়াডাঙ্গার জাফরপুর ৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩৫), ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা পুরুষ ও অজ্ঞাতপরিচয় নারী।
আহতরা হলেন দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আলামিন (২২), সদর উপজেলার জাফরপুর গ্রামের ফাহাদ আহম্মেদ (২২), তার স্ত্রী রিয়া খাতুন (২০), তাদের এক বছর বয়সী ছেলে ইয়াসিন ও চাঁদপুর জেলার শামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন সায়েম (২৮)।
পুলিশ জানায়, রাতে চুয়াডাঙ্গা থেকে তেলবাহী একটি ট্যাংকলরি ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল। সরোজগঞ্জ থেকে একটি ইজিবাইক চুয়াডাঙ্গা আসার পথে জাফরপুর গ্রামে বিজিবি অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এরপর হাসপাতালে আরও দুজন মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় আঘাত লাগার কারণে তিনজনের মৃত্যু হয়েছে। আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, তেলবাহী ট্যাংকলরিচাপায় ইজিবাইকচালকসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন অজ্ঞাতনামা। ঘাতক তেলবাহী ট্যাংকলরিটি জব্দ করে থানায় রাখা হয়েছে।