ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু হত্যার বিচার দাবিতে রেলপথ অবরোধ করে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর একটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে রেলযোগাযোগ বন্ধ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘গত ১১ জুলাই দুপুরে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকা থেকে নিখোঁজ হয় চার বছর বয়সী সাদাব হোসেন নামের এক শিশু। নিখোঁজের চারদিন পর ১৫ জুলাই সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই শিশুর মরদেহ পাওয়া যায়।’
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়। হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুর একটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় স্থানীয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ যায়।
ওসি মো. আক্তার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে সরানোর চেষ্টা চলছে।’
নিহত সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত।
কামরুজ্জামান মিন্টু/সুমন