ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলায় এ বছর ৪৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবারের আয়োজন আরও বড় ও বর্ণাঢ্য হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, সদর উপজেলায় ১০৯টি, কালীগঞ্জে ১০১টি, কোটচাঁদপুরে ৪৬টি, শৈলকুপায় ১২৫টি, হরিণাকুণ্ডুতে ২৭টি ও মহেশপুরে ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রথীন্দ্রনাথ রায়, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, 'দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। তাই এ উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে থাকবে প্রশাসনের কঠোর নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে বলে সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ইতোমধ্যেই ঝিনাইদহ জেলায় উৎসবের আমেজ বইতে শুরু করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখে এ উৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক।
মাহফুজ/রিফাত/