রাজশাহীর পরিবেশসংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি। এ দাবিতে সংগঠনটি গত রবিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার কাছে স্মারকলিপি দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাপা রাজশাহীর সভাপতি মো. জামাত খান, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, অধ্যক্ষ মুহমুদ হাসান, সাবেক ছাত্রনেতা সম্রাট রায়হান, সহসভাপতি সেলিনা বেগম, নারী সাংবাদিক হেলেন খান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রনি, প্রকৌশলী আনিসুর রহমান, চিকিৎসক আলামিন, নারীনেত্রী রাশেদা বেগম প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে খ্যাত রাজশাহী এখন পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাটের কারণে মারাত্মক সংকটে পড়েছে। অব্যবস্থাপনা, অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, রাসায়নিক সার ও প্লাস্টিক ব্যবহারের কারণে বায়ুদূষণ বাড়ছে।
ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থার কারণে মশা-মাছির উপদ্রব এবং শ্বাসকষ্টজনিত রোগও বাড়ছে। এ ছাড়া গঙ্গার পানি বণ্টন চুক্তি ২০২৬ সালে শেষ হলে রাজশাহীর পরিবেশ হুমকিতে পড়বে বলে সতর্ক করা হয়। বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত ভূগর্ভের পানি তোলায় পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যা কৃষি ও গৃহস্থালি কাজে তীব্র সংকট তৈরি করছে। একই সঙ্গে নগরীর জলাশয়ের অপর্যাপ্ত সংরক্ষণ মশা ও জীবাণুর বিস্তার ঘটাচ্ছে।