“আমার ইউনিয়ন আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত”– এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চারটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত এবং একটি ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ ঘোষণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, ওয়ার্ল্ড ভিশনের ডিপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) জেনি মিলড্রেড ডি ক্রুজ, সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজ, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল এবং সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান তহিদুল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার (বীরগঞ্জ এপি) রবার্ট কমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মোহনপুর, পাল্টাপুর, নিজপাড়া ও সুজালপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত এবং সুজালপুর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা সমাজে ইতিবাচক পরিবর্তনের দিক নির্দেশনা। এতে শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরি হবে। ইতোমধ্যে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে চারটি ইউনিয়নের ১৯ হাজার ১০৩ জন কিশোর-কিশোরীকে সচেতন করা হয়েছে।
বক্তারা জানান, ২০২৭ সালের মধ্যে পুরো বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে কাজ চলছে।
অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও তানভীর আহমেদ।
সুলতান/মেহেদী/