বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়েছে।
গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ওয়ার্কওভার কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিজিএফসিএলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
'তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের ৭টি কূপ ওয়ার্কওভার' শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়েছে।
হবিগঞ্জ গ্যাস ফিল্ডে অনুষ্ঠিত উদ্বোধনী বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন এবং পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (আরডিএম), বিজিএফসিএল এবং বাপেক্সের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
বিজিএফসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, কূপটির ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে। সফলভাবে ওয়ার্কওভার শেষ হলে কূপটি থেকে বর্তমান উৎপাদনের অতিরিক্ত আরও ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।
উল্লেখ্য, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ৭টি কূপ থেকে প্রতিদিন গড়ে ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। আর ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে কূপটির গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
আজিজুল সঞ্চয়/সুমন/