জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। এই রায় ঘিরে সিলেটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়- সেজন্য সিলেট মহানগরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
এসএমপি সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে রবিবার রাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল মিছিল-মহড়া চালিয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশের একাধিক দল।
সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশকে অবস্থান করতে দেখা যায়। নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকলেও এর প্রভাব পড়েনি মানুষের নিত্যদিনের কাজে। অফিসগামী, শিক্ষা প্রতিষ্ঠানগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ছিল স্বাভাবিক। সব ধরনের যানবাহনও চলাচল করছে।
এদিকে, শনিবার (১৫ নভেম্বর) রাত ২টা ৪১ মিনিটে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক আব্দুল কাদির লিটন রবিবার (১৬ নভেম্বর) বিস্ফোরক আইনে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে মামলা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিলেট নগরীর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। মোটরসাইকেল মহড়া, সড়কে চেকপোস্টসহ বিভিন্ন কর্মসূচি চলছে। এখন পর্যন্ত সিলেট নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
রিফাত/