রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বিশ্বরোড খালপাড় এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন মাছ ব্যবসায়ী চন্দন দাস (৫৫) ও কৃষক মোহাম্মদ মনির হোসেন (৭০)।
বুধবার (৭ জানুয়ারি) গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
বুধবার বেলা পৌনে ২টার দিকে ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন মাছ ব্যবসায়ী চন্দন দাস (৫৫)। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিলে তার মৃত্যু হয়। নিহত চন্দন দাস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভৈরবনগর এলাকার সুরেশ দাসের ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা নজরুল ইসলাম বলেন, নিহত চন্দন দাস পেশায় মাছ ব্যবসায়ী। বুধবার সকালে ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিলে তিনি মারা যান।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা বিশ্বরোড খালপাড় এলাকায় বাসের ধাক্কায় মনির হোসেন গুরুতর আহত হন। তাকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। নিহত মনির নারায়ণগঞ্জের রূপগঞ্জ খালপাড় এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।