নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভুলতা-মুড়াপাড়া সড়কের লাভরাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
এক সংবাদ ব্রিফিংয়ে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফুল ইসলাম জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলার ভুলতার লাভরাপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে লাভরাপাড়া এলাকা থেকে তানজিল (২৮), রেদোয়ান (২৩) ও রিফাত (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, একটি পুকুরসংলগ্ন এলাকার কয়েকটি স্থান থেকে ১ হাজার ৬২১ বোতল ফেনসিডিল, ১০ হাজার পিস ইয়াবা ও ১৩৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
রুবেল/রিফাত/