পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্ষতিকর হাইড্রোজ বিক্রির জন্য দোকানে রাখা, মুগডালে রঙ মেশানোসহ বিভিন্ন অপরাধে সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ। অংশ নেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।
জানা গেছে, রঙ মেশানো মুগডাল বিক্রি করায় মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যে ব্যবহারের অনুপযোগী ক্ষতিকর ‘হাইড্রোজ’ পদার্থ ভোজ্য হিসেবে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার ও আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে প্যাকেটজাত চায়ের মোড়কে মূল্য ও মেয়াদ উল্লেখ না থাকায় এ আর এল টি হাউসকে ৪ হাজার টাকা এবং কেকের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা ও অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রি করায় মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া পোড়া তেল ও ক্ষতিকর ‘হাইড্রোজ’ ব্যবহার করে রান্না করায় রহমান হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ফয়েজ উল্লাহ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সতর্কতামূলক নির্দেশনাও প্রদান করা হয়।
তারেক/মাহফুজ