বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা জঙ্গল এলাকা থেকে গলাকাটা দুটি হরিণ ও শিকারের সরঞ্জামসহ মো. হানিফ নামে এক শিকারিকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক- মো. হানিফ পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত বিচারকার্য পরিচালনা করেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ।
অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক চার মণ ওজনের দুটি জবাইকৃত পুরুষ হরিণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফুট ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মো. আব্দুল হাই বলেন, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা জবাইকৃত হরিণ দুটিকে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হয়েছে। বন্যপ্রাণী শিকার রোধে অভিযান অব্যাহত থাকবে।
অপু/রিফাত/