নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামের মাহবুব খানের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আদনান (১০) ও আব্রাহাম (৭) মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। তারা ৪ বছর যাবত সোনারগাঁয়ে কাঁচপুর রায়েরটেক গ্রামের খান বাড়ির নিজাম খানের বাড়িতে ভাড়া থাকেন। তারা দুজনই মাদরাসার ছাত্র। তাদের বাবা জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জ ইপিজেডে চাকরি করতেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খান বাড়ির পুকুরপাড়ে দুই ভাই খেলতে যায়। হঠাৎ বলটি পাশে পুকুরে পড়ে যায়। পরে দুজনে পুকুর থেকে তাদের ফুটবলটি তুলতে গিয়ে পুকুরের পানিতে দুজনেই তলিয়ে যায়। তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়ে। পরে ওই পুকুর থেকে তাদের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায় নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজি পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পিতা জিয়াউর রহমান জানান, আমার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময়ে পুকুরে পড়ে মারা গেছে। আমরা মরদেহ কুষ্টিয়া নিয়ে দাফন করবো।
ইমরান/রিফাত/