নারায়ণগঞ্জের সোনারগাঁয় এশিয়ান হাইওয়েতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আনোয়ার হোসেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার সহকারী ভূমি কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকায় বসবাস করতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন তার বাসা থেকে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ের মিরেরটেক বাজার এলাকা অতিক্রমের সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলকে দেয়। ঘটনার পরপরই চালক ট্রাক রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘নিহত ভূমি কর্মকর্তা মোটরসাইকেল চালিয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি। তবে ট্রাক ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইমরান/এসজি/