বঙ্গোপসাগরের গভীর জলে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়েছে লাল রঙের এক রহস্যময় বস্তু। যার আকৃতি অনেকটা ছোট যুদ্ধবিমানের মতো। বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের এই অদ্ভুত অভিজ্ঞতা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে কৌতূহল, সঙ্গে কিছুটা আতঙ্কও।
সোমবার (১ জুন) সকালে বস্তুটি পাথরঘাটায় এনে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হয়। পরে পুলিশ সেটি থানায় নিয়ে যায়। সেখানে বস্তুটি একনজর দেখতে উৎসুক মানুষ ভিড় করে। তবে বস্তুটি সমুদ্রের ঠিক কোন স্থান থেকে ভেসে এসেছে সে বিষয়ে জেলেরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
এর আগে রবিবার (৩১ মে) বিকেলে চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকার একটি ট্রলার বলেশ্বর নদীর মোহনায় জাল তুলছিল। ঠিক তখনই জালে উঠে আসে ডানা ও পাখার মতো অংশযুক্ত অচেনা বস্তুটি। জালে আটকে পড়ায় আংশিক ক্ষতিগ্রস্ত হলেও জেলেরা সেটিকে উদ্ধার করে ট্রলারে তোলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উজ্জ্বল লাল রঙের বস্তুটি দেখতে অনেকটা ক্ষুদ্রাকৃতির যুদ্ধবিমানের মতো। সমুদ্রের বুক থেকে উঠে আসা এমন অজানা যন্ত্রটি কি কোনো গবেষণা কাজে ব্যবহৃত ড্রোন, নাকি কোনো বিদেশি সামরিক মহড়ার অংশ এমন সব জল্পনা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
বস্তুটির উৎস বা প্রকৃতি সম্পর্কে সোমবার দুপুর পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও স্থানীয় সচেতন মহলের ধারণা, এটি সমুদ্রের তলদেশে গবেষণা বা জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত বিশেষ কোনো ড্রোন বা স্বয়ংক্রিয় রোবোটিক যন্ত্র হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন এটি কোনো বিদেশি নৌবাহিনীর সামরিক মহড়ার অংশও হতে পারে।
এ বিষয় পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহান বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এটি আসলে কী, তা জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
মহিউদ্দিন/নাঈম