ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
নারায়ণগঞ্জে ১৭ বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত হান্নানের বিরুদ্ধে চাঁদা দাবির তথ্য ফাঁস, ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ নায়িকা মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট, শেষ দেখে নেওয়ার হুমকি! দোয়া গুরুত্বপূর্ণ এক ইবাদত সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা কটাক্ষের শিকার আনুশকা কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম চট্টগ্রামে কাফনের কাপড় পরে যুবলীগের বিক্ষোভ মিছিল হরোস্কোপের গোলকধাঁধায় ভবিষ্যৎ ভাবনা বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী দিনে দিনেই ঘুরে আসুন মৈনট ঘাট থেকে পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক জিয়া স্মৃতি জাদুঘর শিগগিরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চীনের ইভি প্রযুক্তিতে গাড়ি বানাবে ভারতের টাটা পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব ও বুবলী হাম উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২ রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউজবোট চলাচল: বেলার উদ্বেগ প্রকাশ পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
Nagad desktop

বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ে সিএনজিচালকদের জরিমানা

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:২১ পিএম
বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ে সিএনজিচালকদের জরিমানা
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের পৌর সিএনজি স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজন সিএনজিচালককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

সোমবার (১ জুন) বিকেলে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

জানা যায়, বেলকুচি থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে বেলকুচি ও এনায়েতপুরগামী সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করলে চারজন চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে চারজন সিএনজিচালককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় চালকদের ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ‘সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষা এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহনচালক বা সংশ্লিষ্ট ব্যক্তি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় যাত্রীরা মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু চালক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করছিলেন। প্রশাসনের এ ধরনের পদক্ষেপ যাত্রীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আল-আমিন/রিফাত/

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: খবরের কাগজ

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়া উপজেলার বালুখালী ও এর সংলগ্ন বিভিন্ন ক্যাম্পে তুরস্কের অর্থায়নে পরিচালিত মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

তিনি শুক্রবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে রওনা হয়ে বিকেল ৩টা ৫০ মিনিটে উখিয়ার বালুখালীস্থ ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। ক্যাম্পে অবস্থানকালে তিনি তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

এরপর বিকেল ৪টায় তিনি ৯ নম্বর ক্যাম্প থেকে রওনা হয়ে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে ‘তুরস্ক রেড ক্রিসেন্ট’ এবং ‘তুরস্ক দিয়ানাত ফাউন্ডেশন’-এর কার্যালয় ও তাদের মানবিক কার্যক্রম ঘুরে দেখেন।

পরবর্তীতে বিকেল সাড়ে ৪টায় তিনি ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান এবং সেখানে তুরস্কের রাষ্ট্রীয় সহযোগিতা সংস্থা ‘টিকা’ (TIKA) কর্তৃক পরিচালিত বহুমুখী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।

পরে বিকেল ৫টায় রোহিঙ্গা ক্যাম্পের কর্মসূচি শেষ করে তিনি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমানযোগে তার ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

সফরের শেষ দিন শনিবার (৬ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এ বিশেষ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমানসহ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাব-১৫ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিদুয়ানুল হক/রিফাত/

লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক
ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুরে একটি হাসপাতালের কক্ষে ডেকে নিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে (১১) বলাৎকারের অভিযোগে রিমন হোসেন নামে এক ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৫ জুন) সকালে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আল-মানার হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে ঘটনাটি ঘটে। অভিযুক্ত রিমনকে আটক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং শিগগিরই মামলা দায়ের করা হবে।’

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আল-মানার হাসপাতালে ঘটনাটি ঘটে। পরে রাতে খবর পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

রিমন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকার মো. সেলিমের ছেলে এবং তিনি জেলা শহরের আল-মানার হাসপাতালের ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন।

ভুক্তভোগী কিশোরের মা বলেন, ‘আমার ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী ও সহজ-সরল। সে নামাজ পড়তে বের হয়। কিছুটা আগে বের হওয়ায় আল-মানার হাসপাতালে গিয়ে টেলিভিশন দেখছিল। সেখান থেকে ওয়ার্ডবয় রিমন তাকে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। এ সময় আমার ছেলে চিৎকার-চেঁচামেচিও করেছে। পরে হাসপাতাল থেকে বের হয়ে সে ঘটনাটি তার বন্ধুদের জানায়।’

তিনি আরও বলেন, ‘আমি এ ঘটনায় মামলা করব।  এ ঘটনায় রিমনের বিচার চাই। ভবিষ্যতে কেউ যেন এমন ঘটনা ঘটাতে না পারে, সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।’

রফিকুল ইসলাম/রিফাত/

পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ
ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট-কামাতটারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে মানুষকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয়রা। বর্তমানে পুশইনের জন্য নিয়ে আসা ব্যক্তিরা শূন্যরেখা (জিরো লাইন) থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

শুক্রবার (৫ জুন) ভোরে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬১ বিজিবির পঁয়ষট্টিবাড়ি বিওপির আওতাধীন শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট-কামাতটারী সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের প্রধান পিলার ৮৪৬-এর উপপিলার ১ ও ২ নম্বরের এক পাশে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট-কামাতটারী সীমান্ত এলাকা এবং অপর পাশে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা পানিশালা সীমান্ত এলাকা অবস্থিত। এ সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থাকায় তাদের (বিএসএফের) অপচেষ্টা ব্যর্থ হয়।

তিস্তা ৬১ ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, ‘পুশইনের চেষ্টা ভোররাতে করা হয়েছে। সীমান্তে আমাদের টহল দল উপস্থিত ছিল। তারা এ চেষ্টা প্রতিহত করেছে। বর্তমানে ওই ব্যক্তিরা জিরো লাইন থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কামাতটারী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে পারেনি।

মিনহাজ পারভেজ/রিফাত/

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ভাদেশ্বর গ্রামে আইন উদ্দিনের নির্মাণাধীন একটি বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় মো. আইন উদ্দিন ও তার ছেলে রাশেদ মিয়া বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাজল সরকার/রিফাত/

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার
ছবি: খবরের কাগজ

সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও কথিত পুশইন প্রতিরোধে দিনাজপুর সীমান্তজুড়ে কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কথিত অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুশইনের অভিযোগ সামনে আসার পর সীমান্ত পরিস্থিতি নতুন করে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলার দীর্ঘ সীমান্ত এলাকা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট, ফাঁকা এলাকা এবং নদীপথ চিহ্নিত করে সেখানে দিন ও রাতের টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি আরও কার্যকর ও দৃশ্যমান করতে অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া সীমান্তের সম্ভাব্য অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নাইট ভিশন গগলস, ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে নজরদারি পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তকেন্দ্রিক অপরাধ, দালাল চক্র এবং অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, যেকোনো ধরনের পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের সমন্বয় কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ধারাবাহিক জনসচেতনতামূলক সভা, মাইকিং এবং গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাত্রিকালীন টহল দল বাঁশি ও টর্চলাইটের মাধ্যমে সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানাচ্ছে।

এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের নিয়ে ছোট ছোট সতর্কতামূলক দল গঠন করা হয়েছে, যাতে সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত তথ্য আদান-প্রদান সম্ভব হয়।

বিজিবির মতে, সীমান্ত সুরক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধি পেলে অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে আমি ব্যক্তিগতভাবে জনসচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেছি। কোম্পানি ও বিওপি কমান্ডারগণও নিয়মিতভাবে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছেন।’

তিনি সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পুশইন, অবৈধ অনুপ্রবেশ কিংবা যেকোনো সন্দেহজনক তৎপরতা সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই বিজিবিকে অবহিত করতে হবে। সীমান্ত সুরক্ষায় জনগণ ও বিজিবির সমন্বিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।’

বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বাহিনী সর্বদা সজাগ রয়েছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী সীমান্ত এলাকায় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সুলতান/রিফাত/