চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ মার্চ) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর হাতিলোটা গ্রামের ছরারকুল তার বাড়ির সামনে আনুমানিক পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দিন ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তার এন আর ডেইরি ফার্ম নামে একটি গরুর খামার রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে ইফতার শেষে মোটরসাইকেলযোগে ফার্মের উদ্দেশ্যে বের হয়েছিলেন কৃষকদল নেতা নাছির উদ্দীন। এ সময় তার বাড়ির ২০০-৩০০ গজ দূরেই তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথা ও ঘাড়ে কোপের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এদিকে নাছির উদ্দীনের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তার বাড়িতে জড়ো হন। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ। হত্যার প্রতিবাদে বুধবার রাত দশটার দিকে সীতাকুণ্ড পৌরসদর বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে করেছে।
তার বাড়িতে উপস্থিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, 'আজ সীতাকুণ্ড বাজারে আমাদের একটি ইফতার মাহফিল ছিল নাছির তার ব্যক্তিগত কারণে যেতে পারেনি। পরে ইফতারের পরপর খবর পাই তাকে বাড়ির সামনে গলা কেটে হত্যা করেছে একদল সন্ত্রাসীরা। সে আমাদের দলের অত্যন্ত পরিশ্রমী নেতা। সে কালোকে কালো সাদাকে সাদা বলতো, কথাবার্তায় স্পষ্টবাদী ছিল। আমরা বলব এটা গুপ্ত হত্যা। চিহ্নিত পেশাদার সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।'
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, কৃষকদল নেতা নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
মুুসলেহ/মেহেদী/