বগুড়ার মহাস্থানগড়ের ব্রিজ এলাকা থেকে সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক ছিনতাই করে ট্রাকের চালক ও তার হেলপারকে হাত-পা ও মুখ বেঁধে জয়পুরহাটের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় একটি ধানখেতে ফেলে যায় ডাকাতদল। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর তাদের উদ্ধার করা হয়।
চালক আব্দুল মালেক (৪৫) রংপুর সদর উপজেলার বাবুগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে ও হেলপার নজরুল ইসলাম একই জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রবিবার (২৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে সয়াবিন তেল নিয়ে রংপুরের উদ্দেশে আসার পথে সোমবার ভোরে বগুড়ার মহাস্থানগড় ব্রীজ এলাকায় পৌঁছালে ডাকাত দল ট্রাকের গতিরোধ করে চালক ও সহকারীকে মারধর করে আরেকটি ট্রাকে তুলে নেয়। এর পর তাদের ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ডাকাতরা। পরে তারা মোকামতলা হয়ে রোড পরিবর্তন করে জয়পুরহাটের দিকে রওনা দেয়। কালাই উপজেলার পূর্বসড়াইল এলাকায় এসে চালক ও সহকারীকে তাদের হাত-পা বেঁধে এবং মুখ টেপ দিয়ে বন্ধ করে ধানখেতের ময়লার ভাগাড়ে ফেলে দেয়। পরে সন্ধ্যার আগে ধানখেত থেকে তাদের উদ্ধার করা হয়।
আহত চালক আব্দুল মালেক জানান, ডাকাতরা মারধরের পর তাদের গাড়ি নিয়ে পালিয়ে গেছে। রাত তিনটা থেকে বিকেল পর্যন্ত তারা ধানখেতের কাঁদা-পানিতে পড়ে ছিলেন, মুখে টেপ থাকায় সাহায্য চাইতেও পারেননি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, ডাকাতির ঘটনায় তদন্তসহ লুট হওয়া ট্রাক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
সাগর/মেহেদী/